প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই। দলটির মধ্যে অনুতপ্তবোধ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘বিদেশে ড. ইউনূস সহ বাংলাদেশের নাগরিকদের উপরে যে ধরনের হামলার ঘটনা ঘটছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার।’
এর আগে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করছিলেন।
এ ছাড়া, বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। তাছাড়া পুলিশ সদস্যদের হত্যার অভিযোগ তোলেন। পরে সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

