গাজীপুরের শ্রীপুরে অসুস্থ অবস্থায় ছুটি না পেয়ে কারখানার ভেতরেই লিজা নামে এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
জানা যায়, লিজা (৩২) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবনিয়া গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেডে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীদের অভিযোগ, আগে থেকেই অসুস্থ লিজা গত ১১ জুন সর্বশেষ কর্মস্থলে উপস্থিত ছিলেন। এরপর প্রায় ১২ দিন চিকিৎসা ও বিশ্রামে থাকার পর ২৪ জুন সকালে পুনরায় কাজে যোগ দেন। তবে দীর্ঘ সময় কাজ করার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
এ সময় তিনি একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবস্থাপকদের কাছে ছুটির আবেদন করলেও ছুটি পাননি বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বদর গ্রুপের অধীনস্থ তিনটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা আঞ্চলিক সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে কালার কো লিমিটেড কর্তৃপক্ষর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটিও তদন্ত চলছে। সকাল থেকে কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত ছিল। সড়ক অবরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা নিহতের বিচার চেয়েছেন।

