২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি আটটি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষা। ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষার কার্যক্রম।
ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের যেসব মডেল ব্যবহার করতে পারবে, সেগুলো হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।
এ আটটি মডেলের বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি নেই। তবে পরীক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি
শিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি, ১৩ ডিসেম্বর রবিবার গণিত এবং ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে গিয়ে আসন গ্রহণ করতে হবে।
তাই পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ক্যালকুলেটরের মডেল ও অন্যান্য নির্দেশনা আগেই যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

