উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলন আরও জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা নতুন করে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দেন।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময় ঘোষিত কর্মসূচিগুলোও শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, চুয়েটের চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি।
তাদের দাবি, সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।


