...|...|...

সারাদেশ

অপু বিশ্বাসের সাবেক মেকআপ আর্টিস্টের লাশ উদ্ধার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৪
Shares
অপু বিশ্বাসের সাবেক মেকআপ আর্টিস্টের লাশ উদ্ধার

অপু বিশ্বাসের সাবেক মেকআপ আর্টিস্টের লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিউটি পার্লার থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাবেক পার্সোনাল মেকআপ আর্টিস্ট আল আমিন রাফির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া টাকা ফেরত না পাওয়া এবং ঋণের চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেছে তার পরিবার।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের পার্সোনাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে দুয়েকজন নারীকে কাজ শেখানোর পাশাপাশি ‘পারফেক্ট বিউটি পার্লার’ চালু করেন।

পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিন তার এক বন্ধুকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন। ওই বন্ধুর কাছে পাওনা টাকা ফেরত চেয়ে তাকে প্রায়ই ফোন করতে দেখেছেন তিনি। তবে কত টাকা ধার দিয়েছিলেন, তা তাদের জানা নেই। বৃষ্টির ভাষ্য, আল আমিনের সাথে কারও শত্রুতা ছিল না; তবে তিনি দেনার চাপে ছিলেন।

নিহতের বোন রোহেনা আক্তারের দাবি, নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তার ভাই। ওই অর্থ দিয়ে নাঈমকে গ্রিসে যেতে সহায়তা করা হয়। বর্তমানে তিনি গ্রিসে রয়েছেন।

রোহেনা জানান, গত ২৬ নভেম্বর রাতে আল আমিন তার বন্ধুকে ফোন করে পাওনা টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে দেনার চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।