...|...|...

সারাদেশ

গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৬:৪৫
Shares
গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী যুবলীগের সদস্য। অপরদিকে, আব্দুল্লাহ আল কাফি উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের নেতা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যান। এ সময় ছাত্রদলের এক নেতা সেতুর ওপর বিপ্লব ও কাফিকে দেখতে পেয়ে বিষয়টি বিএনপি নেতাদের জানান।

পরে ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু এবং ছাত্রদল নেতা শাওন ও আমিনুলসহ অন্য নেতাকর্মীরা তাদের দিকে এগিয়ে যান। এ সময় বিপ্লব পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাকে ও কাফিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল বলেন, বিকেলে ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। ছাত্রদলের এক কর্মী ব্রিজে বিপ্লবকে দেখে আমাদের জানান। পরে আমরা ধাওয়া করে বিপ্লব ও তার সহযোগী কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি।

তিনি আরও দাবি করেন, বিপ্লব ও কাফি ব্রিজে বসে নাশকতার ছক আঁকছিলেন, ইতোপূর্বে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নাশকতা করেছেন এবং বিপ্লবের নামে নাশকতার মামলাও রয়েছে।