জামালপুর শহরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জামালপুর পৌর আওয়ামী লীগের ব্যানারে শহরের কম্পপুর এলাকায় একটি মিছিল বের করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
জানা গেছে, জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুর নির্দেশনায় এ মিছিল বের করা হয়।
এর আগে শুক্রবার রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়ের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। একই সময়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারেও আরেকটি মশাল মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিছিলকারীদের শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। যেকোনো নাশকতা রোধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।


