...|...|...

অন্যান্য

১০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ছাত্র জমিয়তের

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৯
Shares
১০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ছাত্র জমিয়তের

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক মূল্যায়ন চালুর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য জি কে গউছ।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবিগঞ্জের এম সাইফুর রহমান টাউন হলে এ সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ‘সম্ভাবনার ডানায় স্বপ্ন জয়ের অভিযাত্রা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা।

জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মানসুরুল হক আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ। প্রধান আলোচক ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল হক। প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

অনুষ্ঠানে ১০০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, ব্যাগ ও বই উপহার দেওয়া হয়। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, ১২ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্য জীবনের শেষ নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার সূচনা। ভবিষ্যতের প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগী হতে হবে।

তিনি ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক মূল্যায়ন এবং সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ওপর গুরুত্ব দেন। বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, কোরীয়, চীনা ও জাপানি ভাষা শেখারও পরামর্শ দেন শিক্ষার্থীদের।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাজ্ঞান ও পেশাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে হুইপ বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন না করে বিদেশে গেলে অনেক তরুণকে দুর্ভোগে পড়তে হয়।

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্ন ধর্ম ও মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাভাব কিংবা শারীরিক অসুস্থতার কারণে কোনো কৃতী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক ও নীতিগত সহায়তার আশ্বাস দেন তিনি।

মুখ্য আলোচক মাওলানা মুসা আল হাফিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করেনি। তিনি বর্তমান সরকারের প্রতি শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।

প্রধান বক্তা রিদওয়ান মাযহারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী ও জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে ছাত্র জমিয়ত। ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর পথচলার আশাবাদও জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার, অর্থ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ, প্রচার সম্পাদক আসআদ আহমদ জাফরী এবং ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহফুজ তাহমিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুব জমিয়ত হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতারা।