...|...|...

রাজধানী

নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকায় আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র‍্যাংকস প্লাজা নামে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

ধানমন্ডি থানার একজন কর্মকর্তা বলেন, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে তারা সন্দেহ করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে ‎তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন আছেন।

সঞ্জীব বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে আলামত সংগ্রহ করছে।

এ ধরনের চুরির চেষ্টা আগেও হয়েছিল বলে জানিয়েছেন জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ। তিনি বলেন, কয়েক বছর আগে একই কৌশলে চুরির চেষ্টা করা হয়। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় তখন চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।