যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনায় তার মাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তবে সন্তানের মৃত্যুর পর শর্মীর প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।
তিনি আরও লেখেন, শারমিন সুলতানাকে গ্রেফতারের পর তার একটি প্রতিবন্ধী সন্তান থাকার বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবি জানিয়ে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর সামনে আসেনি।
রাশেদ খাঁন বলেন, ছেলেটির মৃত্যুর পর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। ব্যক্তিগতভাবেও তিনি এ ঘটনায় ব্যথিত।
শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করায় তিনি গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সাথে কথা বলেন বলেও পোস্টে উল্লেখ করেন।
ডিসির বরাত দিয়ে রাশেদ খাঁন লেখেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন বা ফোনকল জেলা প্রশাসন পায়নি। ডিসি তাকে আরও জানিয়েছেন, ‘তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তি আবেদনও করেনি।’
তিনি আরও লেখেন, পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পরও সিনিয়র জেলার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেননি। সিনিয়র জেলার অবশ্য কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন।
রাশেদ খাঁনের দাবি, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারেন। তুর্যের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করলে এবং তা প্রত্যাখ্যান করা হলে সরকারকে এ বিষয়ে দায়ী করার সুযোগ থাকত বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সহিত পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দিবে না, এটাতো কোনভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল। তুর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করতো, তাহলে হয়তো এই হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না।


