ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন ধ্রুব জুরেল। শেষ দিকের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়লেও ভারতকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে রক্ষা করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এতে ১১০ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড।
রবিবার (২৯ নভেম্বর) তৃতীয় দিনের খেলা শুরু হয় ভারতের ১১৬ রানে ৬ উইকেট নিয়ে। দিনের দ্বিতীয় ওভারেই অনুশুল কম্বুজকে ফিরিয়ে ভারতকে আরও চাপে ফেলে স্বাগতিকরা। তবে এক প্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই শুরু করেন জুরেল।
আকাশ দীপের সাথে ৪৬ রানের জুটি গড়ার পর গুরনুর ব্রারকে নিয়ে শেষ উইকেটে যোগ করেন আরও ৬৪ রান। নিউজিল্যান্ডের মাটিতে দশম উইকেটে ভারতের এটি তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। শেষ তিন ব্যাটারকে সাথে নিয়ে জুরেল দলের স্কোরবোর্ডে যোগ করেন ১২৯ রান।
আগের দিন মাত্র ৭ রানে অপরাজিত থাকা জুরেল এদিন ধৈর্যশীল ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ১২ রান দূরে থামতে হয় তাকে। ১৭০ বলে ১৪টি চারের সাহায্যে ৮৮ রান করে শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন তিনি।
নিউজিল্যান্ডের মাটিতে সাত কিংবা তার নিচের পজিশনে ব্যাটিং করে ভারতীয়দের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০১৪ সালে ওয়েলিংটন টেস্টে ১১৮ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন অজিঙ্কা রাহানে। চলতি সিরিজের প্রথম টেস্টেও ওয়েলিংটনে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন জুরেল।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আকাশ দীপ। ৫২ বলের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। এ ছাড়া লোকেশ রাহুল ২৫ ও ঋষভ পান্ত ২৩ রান করেন।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন কাইল জেমিসন। একাই চার উইকেট শিকার করেন তিনি। দুটি করে উইকেট নেন ম্যাট হেনরি, নাথান স্মিথ ও জ্যাকব ডাফি।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ভারতের ইনিংস ২৪৬ রানে শেষ হওয়ায় ১১০ রানের এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ পাচ্ছে স্বাগতিকরা।


