বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গাইবান্ধা পৌরসভার তিনগাছের তলাসহ ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে একদিকে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে প্রায় ৯০০ বিঘা কৃষিজমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে অর্থনৈতিক সংকটে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয়রা জানান, দুই বছর আগেও এসব জমিতে আমন ও ইরি ধানসহ বিভিন্ন ধরনের ফসল চাষ করা হতো। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জমিতে দীর্ঘদিন পানি জমে থাকছে। ফলে বর্তমানে শুকনো মৌসুমে শুধু ইরি ধান চাষ করা সম্ভব হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে আর্থিক ক্ষতি।
এলাকাটির কিছু অংশ বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের আওতাতেও পড়েছে। কৃষকদের দাবি, আগে পানি নিষ্কাশনের জন্য এলাকায় তিনটি ব্রিজ ও পানি চলাচলের ব্যবস্থা ছিল। কিন্তু বিভিন্ন স্থাপনা ও বসতি গড়ে ওঠায় সেসব পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলেই বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গার পানি আমাদের এলাকায় এসে জমে যায়। পানি বের হওয়ার জন্য আগে তিনটি ব্রিজ ছিল। সেগুলোর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি আর বের হতে পারে না। এ কারণেই প্রতিবছর এমন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
কৃষক মো. সুমন মিয়া বলেন, বর্ষা মৌসুমে জমি থেকে পানি বের হতে না পারায় এক মৌসুমে আবাদ করলেও পরের মৌসুমে জমি পানির নিচে ডুবে থাকে। ফলে অন্য সময় ফসল ফলাতে পারি না। বাধ্য হয়ে চাল কিনে খেতে হয়।
স্থানীয় বাসিন্দা ওবায়দুর রহমান বলেন, আমাদের দুঃখ-কষ্টের কথা কেউ শোনে না। বিষয়টি নিয়ে বহুবার বিভিন্ন নেতার কাছে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের বিষয়ে পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, এলাকাটি পরিদর্শন করে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

