...|...|...

জাতীয়

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির সংলাপ শুরু আজ, প্রথম দিনে ১৫ দল

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫০
Shares
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির সংলাপ শুরু আজ, প্রথম দিনে ১৫ দল

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এই সংলাপের প্রথম দিনে আজ রবিবার (২৯ নভেম্বর) ১৫টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে কমিশন।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর শরিক দলগুলো বাদে আমন্ত্রিত ১৫টি দল এতে অংশ নেবে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান।

তিনি বলেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রবিবারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। ফলে ১৫টি দলের সাথে সংলাপ হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর-এই তিন দিন রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিনের আলোচনায় বিএনপি ও জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমে ১৫টিতে দাঁড়িয়েছে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। একইভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশের সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি ইসি।

প্রথম দিনের সংলাপে অংশ নিচ্ছে যেসব দল

রবিবারের সংলাপে অংশ নেবে জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

দ্বিতীয় ও তৃতীয় দিনের কর্মসূচি

সংলাপের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি দলের সাথে আলোচনা করবে ইসি।

এ ছাড়া ১ ডিসেম্বর তৃতীয় দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের শরিক দলগুলোর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।