...|...|...

বিনোদন

বিয়ে নিয়ে তেমন কোনো তাগিদ নেই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৮
Shares
বিয়ে নিয়ে তেমন কোনো তাগিদ নেই

ভারতীয় অভিনেত্রী রাইমা সেন বলেছেন, বর্তমানে বিয়ে নিয়ে তার মধ্যে তেমন কোনো তাগিদ নেই। তাছাড়া শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি ও অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করছেন। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে শিগগিরই বড়পর্দায় দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায়ের সিনেমা ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ এ। আগামী ১৫ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী।

সাক্ষাৎকারে রাইমা জানান, বর্তমানে বিয়ে নিয়ে তার মধ্যে তেমন কোনো তাগিদ নেই। কলকাতায় নিজের মনের মতো কাউকে না পাওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি খুব একটা শহরের বাইরে যান না বলেও উল্লেখ করেন।

হলিউড অভিনেতা টম ক্রুজকে পছন্দ করলেও বাস্তব জীবনে সম্পর্ক বা অ্যাটাচমেন্ট নিয়ে তার মনে নানা সংশয় রয়েছে বলে জানান এই অভিনেত্রী।

রাইমার বিয়ে না করা নিয়ে একসময় তার মা মুনমুন সেনের মধ্যে দুশ্চিন্তা থাকলেও এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানান অভিনেত্রী। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুনমুন এখন তাকে বিয়ের জন্য চাপ দিতে চান না। বরং ভবিষ্যতে কখনো একাকিত্ব অনুভব করলে অনেকগুলো পোষ্য দত্তক নেওয়ার পরামর্শ দিয়েছেন মুনমুন সেন।

মা হওয়ার বিষয়ে রাইমা বলেন, তিনি শিশুদের খুব ভালোবাসেন। তবে সন্তান পালনের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারবেন কি না, তা নিয়ে তার ভয় রয়েছে। ভবিষ্যতে তার ইচ্ছার পরিবর্তনও হতে পারে বলে জানান তিনি।

ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তিনি আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছেন বলেও জানান।

তবে মা হওয়ার সাথে বিয়েকে আবশ্যিকভাবে যুক্ত করার পক্ষে নন রাইমা। তিনি বলেন, ‘শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’