পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে দেশটির সর্বোচ্চ আদালতগুলোর প্রধান বিচারপতিদের হস্তক্ষেপ চেয়েছেন। কারাগারে চিকিৎসাসেবা না পাওয়া এবং শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে তিনি আশঙ্কা জানিয়েছেন, এভাবে চলতে থাকলে হয়তো আর জীবিত অবস্থায় কারাগার থেকে ফিরতে পারবেন না।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার তার লেখা একটি খোলা চিঠি প্রকাশ করেন। চিঠিতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসাসেবা নিশ্চিত না করা এবং পরিবারের সদস্য ও আইনজীবীদের সাথে সাক্ষাতের সুযোগ সীমিত রাখার অভিযোগ তুলেছেন ইমরান। একই সাথে নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরে বিচারপতিদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
চিঠিতে ইমরান লেখেন, ‘আমি জীবনের বড় একটি অংশ হাসপাতাল নির্মাণে ব্যয় করেছি, যাতে যাদের চিকিৎসার সামর্থ্য নেই, তারা বিনা মূল্যে চিকিৎসা পান। অথচ আজ আমি শুধু নিজের ও স্ত্রীর চিকিৎসার নিশ্চয়তা চাইছি।’
সালমান সাফদার জানিয়েছেন, গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। সর্বশেষ সাক্ষাতের সময় সাবেক প্রধানমন্ত্রী বিচারপতিদের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
কারাগারের নির্জন কক্ষ থেকে লেখা চিঠিতে ইমরান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাকে একাকী কারাবাসে থাকতে হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী কিংবা বই ও টেলিভিশনের মতো সাধারণ সুযোগ থেকেও তিনি বঞ্চিত। এমনকি দুই ছেলের সাথে ফোনে কথা বলার সুযোগও পাচ্ছেন না।
ইমরানের অভিযোগ, চলতি বছরে তিনি মাত্র চারবার আইনজীবীদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। অন্যদিকে তার স্ত্রী বুশরা বিবি আইনজীবীর সাথে দেখা করতে পেরেছেন মাত্র একবার। এতে তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোতে নিজেদের পক্ষে আইনি লড়াই চালানো কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘদিন একাকী বন্দিজীবনের কারণে তার মানসিক স্বাস্থ্যেরও অবনতি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। তার দাবি, কারাগারের মেডিকেল বোর্ড তার উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি নথিভুক্ত করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্ত্রী ও পরিবারের সাথে বেশি সময় কাটানো, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার সুপারিশও করেছিল বোর্ড। তবে সেই সুপারিশ কার্যকর করা হয়নি।
নিজের শারীরিক অবস্থার পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গোপনে তার জটিল অস্ত্রোপচার করা হলেও তাকে আবার নির্জন কারাকক্ষে পাঠানো হয়।
চিঠিতে বুশরার অবস্থা তুলে ধরে ইমরান লেখেন, ‘এই মাসে যখন তার সাথে দেখা করি, তখন তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। তার চিকিৎসার নথি আটকে রাখা হয়েছে, পছন্দের চিকিৎসকদেরও সুযোগ দেওয়া হচ্ছে না।’
ইমরানের ভাষ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। একই সাথে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে আদালতের ওই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
কারাগারে অবস্থানকালে রক্তচাপ নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন ইমরান। চিঠিতে তিনি বলেন, গত ১০ নভেম্বর তার রক্তচাপ বেড়ে ১৯২ ও ১৯৩-এ পৌঁছেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।
৭৪ বছর বয়সী ইমরান চিঠিতে লেখেন, ‘এভাবে চলতে থাকলে এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’
বিচারপতিদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে কোনো বিশেষ সুবিধা চাইছি না। আমার একমাত্র আবেদন, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন করুন এবং আমাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন। বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পাব। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই মানবিকতার খাতিরে আমাকে ন্যায়বিচার দিন।’
২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার স্ত্রী বুশরা বিবিকে ২০২৫ সালের ১৭ জানুয়ারি পৃথক একটি মামলায় গ্রেপ্তার করা হয়। সৌদি যুবরাজের দেওয়া দামি বুলগারি গয়নার সেট কেনাকে কেন্দ্র করে করা ওই মামলায় ইমরান ও বুশরা দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইসলামাবাদ হাইকোর্ট সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার ইমরানের সাথে পরিবারের সদস্য, আইনজীবী ও ঘনিষ্ঠ সহযোগীদের সাক্ষাতের অনুমতি দিয়েছিলেন। তবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বেশির ভাগ সময় এসব সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ইমরানের ডান চোখের সমস্যার বিষয়টি গত জানুয়ারির শেষ দিকে প্রকাশ্যে আসে। চিকিৎসকেরা তার চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) শনাক্ত করেন। এরপর কয়েক দফায় তাকে হাসপাতালে নেওয়া হয়।



