...|...|...

বরিশাল

৭টি শিয়াল রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেলেছেন বরিশাল শহরের কিছু বাসিন্দা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, দুপুর ২:১৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৩
Shares
৭টি শিয়াল রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেলেছেন বরিশাল শহরের কিছু বাসিন্দা

শিয়াল। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন এলাকায় বন্যপ্রাণী সাতটি শিয়াল হত্যা করে রান্না করে রুটি দিয়ে খাওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় জবাই করা শিয়ালের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ারও অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি এই বন্যপ্রাণীটি হত্যা করে। পরবর্তীতে 'নাইম রাজ' নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি বিতর্কিত বিজ্ঞাপন পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও পশুপ্রেমী সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে শুরু করে।

দেশের প্রচলিত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে এভাবে প্রকাশ্যে বন্যপ্রাণী হত্যা এবং তার মাংস বিক্রির প্রচারণাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’