...|...|...

সারাদেশ

হেলমেট দিয়ে ব্যবসায়ীর নাক ফাটালেন ছাত্রলীগ নেতা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪১
Shares
হেলমেট দিয়ে ব্যবসায়ীর নাক ফাটালেন ছাত্রলীগ নেতা

ছবি: এআই জেনারেটেড

মৌলভীবাজারের জুড়ীতে সাবেক ছাত্রলীগ নেতার হামলায় জখম হয়েছেন ফখরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। হেলমেট দিয়ে আঘাত করে তার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমনের বিরুদ্ধে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে ফখরুল ইসলামের বাড়িসংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খোলেন ফখরুল ইসলাম। এ সময় ধামাই চা-বাগানের দিক থেকে আসা সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের বাবুল মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সুমন (৩৫) ও তার এক অজ্ঞাত সহযোগী দোকানে আসেন।

সিগারেট কেনাকে কেন্দ্র করে তাদের সাথে দোকানদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলমেট দিয়ে আঘাত করলে ফখরুল ইসলামের নাক ফেটে যায়।

হামলার পর দোকানের নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তারা পালিয়ে যান বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন,  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভোরে সিগারেট কিনতে আসা দুই যুবকের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে দোকান মালিককে হেলমেট দিয়ে আঘাত করা হয়। এতে তার নাক ফেটে জখম হয়। পরে দোকানের মালামাল এলোমেলো করে ওই দুই যুবক পালিয়ে যান। বাদীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।