...|...|...

জাতীয়

হাসিনার সাবেক উপদেষ্টা সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, রাত ৯:৫০
Shares
হাসিনার সাবেক উপদেষ্টা সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং ক্রাইম চিফ রাজিব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাদের ডিবিসি কার্যালয় থেকে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে পেরে ডিবি পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আকতার হোসেন বলেন, তাদের সাথে ডিবি পুলিশ কথা বলছে। নিরাপদ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে তাকে ফেরত পাঠানোর কারণ জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। পরে শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।