দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৯৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৯ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৩২৭ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৭ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ২৭২।
এ সময়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৪ হাজার ২১৯ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১ হাজার ১৫৩ জন।


