...|...|...

ধর্ম

হজের টিকা নেওয়ার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৭
Shares
হজের টিকা নেওয়ার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ছবি: সংগৃহীত

২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীদের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত ঝুঁকি যাচাই করতে এসব পরীক্ষা সম্পন্ন করতে হবে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালের পাশাপাশি নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালেও পরীক্ষাগুলো করা যাবে।

রবিবার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত সাতটি পরীক্ষা টিকা নেওয়ার আগেই সম্পন্ন করতে হবে। পরীক্ষাগুলো হলো:

১. রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং

২. কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি উইথ ইএসআর

৩. প্রস্রাবের পরীক্ষা বা ইউরিন আর/এম/ই

৪. বুকের এক্স-রে (পি/এ ভিউ)

৫. ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি

৬. র‍্যান্ডম ব্লাড সুগার বা আরবিএস

৭. সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা

এর মধ্যে বুকের এক্স-রে ও ইসিজির রিপোর্টও জমা দিতে হবে। তবে কোনো হজযাত্রীর গুরুতর বা দীর্ঘমেয়াদি রোগের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতায় সমস্যা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। কিডনির জটিলতা থাকলে সিরাম ক্রিয়েটিনিনের পাশাপাশি কিডনি, ইউরেটার ও ব্লাডারের আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষার প্রয়োজন হতে পারে।

লিভারের সমস্যা শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন ও গ্লোবুলিনের অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি এবং প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।

এ ছাড়া দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের ক্ষেত্রে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থাসংক্রান্ত জটিলতা থাকলে প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট ও আলট্রাসনোগ্রাম করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন করার পর হজযাত্রীদের পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের অনুলিপি নিয়ে টিকাকেন্দ্রে যেতে হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিমের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের প্রক্রিয়া শেষ হলে হজযাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করা হবে। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।