...|...|...

বিনোদন

সামনে এলো অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
সামনে এলো অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ

ছবি: সংগৃহীত

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ইভা মেরি সেইন্টের মৃত্যুর কারণ জানা গেছে। হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যক্রম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত ডিমেনশিয়াসহ আরও কয়েকটি শারীরিক সমস্যাও তার মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে।

যুক্তরাষ্ট্রের সাময়িকী পিপল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীর মৃত্যুসনদে এসব তথ্য উল্লেখ রয়েছে। গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

মৃত্যুসনদ অনুযায়ী, ইভা মেরি সেইন্টের মৃত্যুর তাৎক্ষণিক কারণ ছিল হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। পাশাপাশি বার্ধক্যজনিত ডিমেনশিয়াকে মৃত্যুর পেছনে ভূমিকা রাখা একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। উচ্চ রক্তচাপ, হাইপারথাইরয়েডিজম ও এম্বোলিজমও তার মৃত্যুর সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে। ইভা মেরি সেইন্টের দুই সন্তান ড্যারেল ও লরেট, চার নাতি-নাতনি এবং দুই প্রপৌত্র-প্রপৌত্রী রয়েছেন।

দীর্ঘ সাত দশক হলিউডে কাজ করেছেন ইভা মেরি সেইন্ট। ১৯৫৪ সালে মার্লন ব্র্যান্ডোর বিপরীতে অন দ্য ওয়াটারফ্রন্ট চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন। পরে কিংবদন্তি নির্মাতা আলফ্রেড হিচককের সাথেও কাজ করেন তিনি। ক্যারি গ্রান্টের বিপরীতে ১৯৫৯ সালের থ্রিলার নর্থ বাই নর্থওয়েস্ট ছবিতে তার অভিনয় বিশেষভাবে স্মরণীয়। এ ছাড়া এক্সোডাস, গ্র্যান্ড প্রি এবং বিকজ অব উইন-ডিক্সি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

টেলিভিশনেও ছিল তার উল্লেখযোগ্য উপস্থিতি। ১৯৯০ সালে পিপল লাইক আস মিনিসিরিজে অভিনয়ের জন্য এমি পুরস্কার পান। পরবর্তী সময়ে উইন্টার্স টেল চলচ্চিত্রে অভিনয় করেন এবং অ্যানিমেটেড সিরিজ দ্য লিজেন্ড অব কোররা-তে কাতারা চরিত্রে কণ্ঠ দেন। দীর্ঘ অভিনয়জীবন ও স্মরণীয় সব চরিত্রের মধ্য দিয়ে হলিউডে বিশেষ জায়গা করে নিয়েছিলেন এই অস্কারজয়ী অভিনেত্রী।