শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়েছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ডাসার উপজেলা বিএনপির আয়োজনে সংসদ সদস্যের বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন আপনাদের পাশে থাকি। বিএনপি সব সময় আপনাদের পাশে রয়েছে। দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রতিটি বিভাগ নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন উল্লেখ করে সংসদ সদস্য বলেন, এর অন্যতম উদাহরণ ফ্যামিলি কার্ড। মায়েদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একজন মা সুস্থ ও স্বাবলম্বী থাকলে পুরো পরিবার ভালো থাকে।
ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, কালকিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


