...|...|...

সারাদেশ

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০১
Shares
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ। ছবি: সংগৃহীত

রাজশাহীতে স্কুল চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখলে অভিযান চালানো হবে বলেও জানিয়েছে প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, স্কুল চলাকালে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখলে অভিযান পরিচালনা করা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোচিং সেন্টার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয়েও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।