নতুন সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ঢাকার বাইরে ‘মানিক’ নামের একটি চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য ধারণের সময় এ ঘটনা ঘটে।
শুটিং ইউনিটের একাধিক সূত্র জানায়, দৃশ্য অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সব প্রস্তুতি ঠিক থাকলেও ক্যামেরা ঘোরার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ আগুন শুভর পায়ে আঘাত হানে এবং কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরও উঁচু হয়ে ওঠে।
আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নেভানোর চেষ্টা করেন। কিন্তু তীব্র তাপে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। তখন ইউনিট সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিভে গেলেও শুভর পায়ে দগ্ধচিহ্ন পড়ে।
দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও শুভ পিছু হটেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুট শেষ করেন। জানা গেছে, পায়ে ক্ষত নিয়েও তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।
এই বিষয়ে পরিচালক সাইফ চন্দনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি।

