...|...|...

আইন ও আদালত

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের মামলায় মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

অভিযুক্ত মোসলিম উদ্দিন করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ।

এর আগে বুধবার (২১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া এলাকার ওই মাদ্রাসায় শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। রাতে শিশুটির পরিবারের করা মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। 

এদিকে, সাত বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর মাদ্রাসায় ওই শিক্ষক শিশুটিকে যৌন নিপীড়ন করেন। ঘটনার পর থেকেই শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবার থেকে কারণ জানতে চাইলে ভীতি ও হুমকির কারণে সে শুরুতে কিছু বলতে চায়নি। পরে পরিবারকে সে জানায়, ঘটনার কথা প্রকাশ করলে তাকে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে মা-বাবার জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো ঘটনা খুলে বলে।

শিশুটির মুখে সব শোনার পর তার বাবা বুধবার দুপুরে সরাসরি মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করছেন। এ সময় ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা ওই শিক্ষককে চড় মারেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল ইসলাম বলেন, বুধবার দুপুরে শিক্ষককে আটক করে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুটির পরিবারের মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।