...|...|...

জাতীয়

শাহজালালে যাত্রীর ব্যাগে মিলল ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার-হীরা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩
Shares
শাহজালালে যাত্রীর ব্যাগে মিলল ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার-হীরা

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণ, প্লাটিনাম ও হীরার অলংকারসহ বিভিন্ন মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। ব্যাগে থাকা আচারের বয়ামের ভেতর থেকে ধাতব পদার্থ শনাক্তের পর তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই যাত্রীর নাম জনি রহমান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত রাতে বাংলাদেশ বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে কলকাতা থেকে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। এরপর কাস্টমসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনকারী সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করেন।

একপর্যায়ে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি ধরা পড়ে। পরে ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের অলংকার ও মূল্যবান পাথর জব্দ করেন কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস হাউস জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরা বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, তিনটি সাদা স্বর্ণের অলংকার, দুটি রুপার আংটি, পাঁচটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন ও ৪৭২টি স্বর্ণের নাকফুল।

এ ছাড়া ৪৫ ক্যারেটের হীরা, পোখরাজ, রুবি ও অন্যান্য মূল্যবান পাথর মিলিয়ে ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।

কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। স্বর্ণালংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় জনি রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।