...|...|...

সারাদেশ

লঞ্চ থেকে লাফ দিয়ে নামতে গিয়ে মেঘনায় যুবক নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৫
Shares
লঞ্চ থেকে লাফ দিয়ে নামতে গিয়ে মেঘনায় যুবক নিখোঁজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে পল্টুনে নামতে গিয়ে মেঘনা নদীতে পড়ে রবিন হোসেন (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের স্ত্রী নাসরিনের তথ্যমতে, তার নাম রবিন হোসেন। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা এলাকার হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জে থাকেন। আজ দুপুরে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তর নবীপুর গ্রামে শ্বশুরবাড়ি আসার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিখোঁজের স্ত্রী জানান।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল ঘাটে পৌঁছানোর পর ওই যুবক ভুলে তার ব্যাগ রেখে নেমে পড়ে। পরে ব্যাগের কথা মনে পড়লে পুনরায় উঠে নামার সময় লঞ্চটি পল্টুন থেকে ছেড়ে পেছনের দিকে যাওয়ার পথে ওই যুবক লাফ দিয়ে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হন।

দুর্ঘটনার পর নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

এদিকে, দুর্ঘটনার পর মোহনপুর ঘাট এলাকা থেকে লঞ্চসহ দুই স্টাফকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবরীরা স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া লঞ্চটিসহ এর দুইজন স্টাফকে আটক করা হয়েছে।