ইউক্রেন ও রাশিয়ার মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এ বিষয়ে দুই পক্ষই সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হচ্ছে। রবিবার (১১ অক্টোবর) সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে জ্বালানিবিষয়ক যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হচ্ছে। উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। এটি লঙ্ঘন করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।
তবে এই যুদ্ধবিরতি কত দিন কার্যকর থাকবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। একই সঙ্গে কোন কোন স্থাপনা ও জ্বালানি অবকাঠামো এই সমঝোতার আওতায় পড়বে, সে বিষয়েও বিস্তারিত জানাননি তিনি।
এর আগে ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য জ্বালানি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল বলে খবর প্রকাশিত হয়। এ ছাড়া মস্কো জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগকে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির আলোচনার সঙ্গেও যুক্ত করার চেষ্টা করছে বলে জানা যায়।


