রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে গুলি ও অস্ত্রসহ আটক করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কদমতলীর শনিরআখড়ার জিয়া সরণি রোডে এ ঘটনা ঘটে।
আহত আসলাম খানের চাচাতো ভাই মিরাজ খান জানান, শনিরআখড়া এলাকায় তাদের বাসা। জিয়া সরণি রোডে আসলামের কোকরিজের ব্যবসা রয়েছে। রাতে তিনি দোকানের ভেতরে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ এক ব্যক্তি দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসলামের বাম হাত ও ডান গালে গুলি লাগে।
পরে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।
এদিকে, গুলি করে পালানোর সময় হামলাকারীকে স্থানীয়রা আটক করে। পরে তাকে গুলি ও অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ জানান, জিয়া সরণি রোডে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুলি ও অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


