...|...|...

জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু: প্রবাসীকল্যাণমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪১
Shares
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু: প্রবাসীকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে দেশটির জন্য নির্ধারিত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য জনপ্রতি ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ অক্টোবর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেওয়া হয়।

এতে কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য ৮ হাজার টাকার বেশি না দেওয়া এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

গত ৬ নভেম্বর এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছিল।

তালিকায় থাকা মেডিকেল সেন্টারগুলো হলো- এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড, পুষ্প ক্লিনিক, সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, ডাইনামিক ল্যাব, গ্রীনল্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ইশতিয়াক মেডিকেল সেন্টার, এলবি হেলথকেয়ার, মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড, রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সুরক্ষা মেডিকেল সেন্টার লিমিটেড, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওয়াদি হেলথ চেকআপ, কেয়ার ওয়েভ, সারা হেলথ কেয়ার, শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, জারা হেলথ কেয়ার, এভার গ্রিন মেডিকেল সেন্টার, ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড, আইচি হসপিটাল লিমিটেড, এ এফ মেডিকেল সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, রামিন হেলথ সেন্টার, স্মার্ট মেডিকেল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, পিওর হেলথ মেডিকেল সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, সানমুন মেডিকেল সেন্টার লিমিটেড, ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার ও ভিটা হেলথ মেডিকেল সেন্টার।

এতে বলা হয়েছে, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

নির্ধারিত ফির বেশি অর্থ দাবি, কর্মীদের হয়রানি কিংবা কোনো ধরনের টালবাহানার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য [email protected] ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাইগ্রামস (MIGRAMS) স্লিপ সংগ্রহের জন্য কোনো ফি দিতে হবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ অবস্থায় মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।