...|...|...

বিশ্ব

মদিনার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি জোটের, হুথিদের অস্বীকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৪২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, রাত ১২:৪৬
Shares
মদিনার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি জোটের, হুথিদের অস্বীকার

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র শহর মদিনায় হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তারা এই দাবি করে। অবশ্য সৌদি জোটের এই দাবি প্রত্যাখ্যান করেছে হুথি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক পোস্টে বলেন, সৌদি আরব ‘মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।’

এদিকে জোটটি বৃহস্পতিবার সকালে জানায়, তারা পূর্বাঞ্চলেও একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

অন্যদিকে হুথি আনসার আল্লাহ আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সৌদি ভূখণ্ডে এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে অভিযোগ সৌদি আরব করেছে, তা ‘মিথ্যা’।

ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লিখেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে, তারা আজ সৌদি আরবের ভূখণ্ডে কোনো অভিযান পরিচালনা করেনি এবং মদিনায় হামলার দাবি একটি নির্লজ্জ এবং মিথ্যা অপপ্রচার।’

তিনি আরও বলেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটি ‘নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’।

বৃহস্পতিবার গভীর রাতে সারি আরও দাবি করেন, সাদা প্রদেশের আকাশসীমায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে। তিনি বলেন, বিমানটিকে ‘সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এটি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে।’

চলতি মাসের শুরুর দিকে সৌদি নেতৃত্বাধীন জোট মদিনার আল-তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে একটি ‘সন্ত্রাসী হামলার’ কথা জানিয়েছিল এবং এর জন্য হুথিদের দায়ী করেছিল।

জোটটি বলেছিল, ওই হামলায় ‘মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী একটি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল’ এবং ‘এর ফলে একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে বিদ্যুৎ ব্যবস্থায় এর কোনো প্রভাব পড়েনি।’

সে সময় হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম হুথিদের একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল, ওই হামলা হুথিরা চালায়নি।

গত মাসে রিয়াদ হুথিদের বিরুদ্ধে ড্রোন দিয়ে মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টার অভিযোগও করেছিল। তবে হুথিরা সেই অভিযোগ অস্বীকার করে।

সূত্র: বিবিসি বাংলা।