...|...|...

রাজনীতি

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩২
Shares
ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়ায় ভেরিফিকেশনের নামে মেধাবী তরুণদের হয়রানি বা বঞ্চিত করা হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানান। তার প্রশ্ন, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের নির্ধারিত ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর কোন আইন বা মানদণ্ডে এসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, চূড়ান্ত তালিকায় থাকার পরও কারা বাদ পড়েছেন, কেন বাদ পড়েছেন এবং কোন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাদের বাদ দেওয়া হয়েছে, তা জানার অধিকার সবার রয়েছে। তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে দলীয়করণ, বৈষম্য বা গোপন সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি দাবি করেন, ২৭ জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি। অনেক প্রার্থী ভেরিফিকেশনের নামে তাদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, বিষয়টি সরকারি নিয়োগব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তৈরি করেছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর কোনো প্রার্থীকে বাদ দেওয়া হলে এর আইনি ভিত্তি, মানদণ্ড ও সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, কিছু প্রার্থী রাজনৈতিক, পারিবারিক বা মতাদর্শগত পরিচয়ের কারণে নিয়োগ থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা নিয়োগপত্র না পাওয়া চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান। একই সাথে প্রত্যেক প্রার্থীকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান তিনি।

অন্যায়ভাবে কোনো চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে বাদ দেওয়া হয়ে থাকলে দ্রুত প্রতিকার নিশ্চিত করার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম বা বৈষম্যের অভিযোগ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।