...|...|...

ময়মনসিংহ

বিএনপি নেতাকে গাছে ঝুলিয়ে মারার হুমকি

জামালপুর প্রতিনিধি
আপডেট: ৩ দিন আগে
বিএনপি নেতাকে গাছে ঝুলিয়ে মারার হুমকি

বিএনপি নেতার হাতে হুমকি দেওয়া চিঠি। ছবি: টাইমস টুডে

জামালপুরের ইসলামপুরে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে গাছের সাথে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুজিব শতবর্ষের লোগো ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত একটি খামে পাঠানো ওই চিঠিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হুমকির চিঠি পাওয়ার পর ভুক্তভোগী নেতা ও তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সবুজ চিঠিটি পান। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, চিঠির খামের বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার পিতার নাম জাহাঙ্গীর আলম উল্লেখ করা হয়েছে। খামের ভেতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা বার্তায় অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

চিঠিতে দাবি করা হয়েছে, তাকে প্রকাশ্যে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হবে। তবে চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। বিষয়টি জানতে পেরে ডাকঘরে খোঁজ নিয়েছি। সেখান থেকে বলা হয়েছে, চিঠিটি ইসলামপুর ডাকঘর হয়ে এসেছে। আমার ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সাথে এমন কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, তা বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান টাইমস টুডেকে বলেন, ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।