দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে মেগাসিটি ঢাকা। নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রাজধানীর বায়ুমান নিয়ে উদ্বেগও বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ২৮৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমান সূচক ২৩৮। ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা। চতুর্থ অবস্থানে থাকা ভারতের মুম্বাইয়ের বায়ুমান সূচক ১৭৪। অন্যদিকে, ১৭৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর যত বেশি হয়, বাতাসে দূষণের মাত্রাও তত বেশি থাকে।
বায়ুমান সূচকের বিভিন্ন মাত্রা হলো- ০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি বা সহনীয়, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর ও ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ। এই মানদণ্ড অনুযায়ী, ঢাকার ১৭৩ স্কোরের বায়ু ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়েছে।
বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিরা দূষিত বাতাসের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
এ অবস্থায় দীর্ঘক্ষণ বাইরে অবস্থান করা এড়িয়ে চলা, প্রয়োজন হলে বাইরে বের হওয়ার সময় উপযুক্ত মাস্ক ব্যবহার করা এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।


