...|...|...

সারাদেশ

বাবার মৃত্যুর শোক বুকে নিয়েও বন্যপ্রাণী রক্ষায় অটল স্বপন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, দুপুর ১:৩৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
বাবার মৃত্যুর শোক বুকে নিয়েও বন্যপ্রাণী রক্ষায় অটল স্বপন

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত শোকও আটকাতে পারেনি তাকে। বাবার মৃত্যুর তিন দিনের মাথায় আবারও ছুটে গেছেন বন্যপ্রাণী বাঁচাতে। শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়ায় একটি বিশাল অজগর উদ্ধার করে ফের প্রমাণ করলেন প্রকৃতির প্রতি ভালোবাসা কোনো কষ্টের কাছে হার মানে না।

 গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা যোবায়ের আহমেদের বাড়ি থেকে হাঁস ও মুরগির বাচ্চা হারিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার ( ১৬ জুলাই)  সকালে পরিবারের সদস্যরা হঠাৎ দেখেন, একটি বিশাল অজগর সাপ বাড়ির দেয়াল বেয়ে পাশের গাছে উঠছে। তখনই রহস্যের জট খুলে যায়।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। তার সাথে ছিলেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।

অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সাথে দলটি অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করে।

 এই উদ্ধার অভিযানের সবচেয়ে আবেগঘন দিকটি হলো—মাত্র তিন দিন আগেই নিজের প্রিয় বাবাকে হারিয়েছেন স্বপন দেব সজল। বুকের ভেতর শোকের ভার নিয়ে, সব কষ্ট পেছনে ফেলে তিনি ছুটে গেছেন আরেকটি প্রাণ বাঁচাতে।

 স্বপন দেব সজল বলেন, বন্যপ্রাণী বিপদে পড়লে বসে থাকতে পারি না। এটা আমার দায়িত্ব। বাবা সবসময় বলতেন, সৃষ্টির সেবা করো। আজকের উদ্ধারটা আমি বাবার স্মৃতির উদ্দেশেই করলাম।

 ১৬ জুলাই বিশ্ব সাপ দিবস। এই দিনে শ্রীমঙ্গল থেকে উঠে এলো মানবতা, দায়িত্ববোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণের এক অনন্য উদাহরণ।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, সজল দার মতো মানুষ আছেন বলেই আমাদের বন্যপ্রাণীগুলো নিরাপদ থাকে। শোকের মধ্যেও তিনি যেভাবে ছুটে এসেছেন, এটা সবার জন্য অনুপ্রেরণা।

উদ্ধার হওয়া অজগরটিকে বন বিভাগের তত্ত্বাবধানে উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা।