তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা চেয়েছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সময়ে বাতিল হওয়া অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরবর্তী বৈঠকে সংশ্লিষ্ট তালিকাগুলো উপস্থাপন করা হবে।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব নিয়ে আলোচনা হয়। বিটিভিকে বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে রূপান্তর না করে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার পরামর্শ দেন কমিটির সদস্যরা। এ জন্য প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সংবাদ পরিবেশনে গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দর্শকদের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের ওপর জোর দেওয়া হয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিল সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য বৈঠকে উপস্থিত সবাইকে সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন বকুল, মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদফতরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


