‘যতই গ্রেফতার করুন, যতই নিরাপত্তা বাড়ান কিংবা বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন— গুলি আপনাদের ওপর চলবেই। মুম্বাইয়ে আমাদের ২০০ লোক তৈরি…!’
সোমবার (১৬ নভেম্বর) এমনই এক খুনের হুমকিবার্তা দিয়ে জানানো হয়েছে বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনকে। আর এ খুনের হুমকিবার্তাটি দিয়েছে খালিস্তানপন্থি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ।
খালিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ ওরফে এসজেএফের তরফে অমিতাভের বাংলো জলসার বাইরে চড়াও হওয়ার ডাক দেওয়া হলো। শুধু তাই নয়, জমায়েত করে সেখানে প্রতিবাদী সুর চড়ালেই মিলবে ১১ লাখ টাকা, দেওয়া হলো এমন প্রস্তাবও।
সংশ্লিষ্ট নিষিদ্ধ গোষ্ঠীর মাথা গুরপতবন্ত সিং পান্নুন এবার সরাসরি বিগবির ওপর হামলার হুমকি ছুড়ে দিলেন। সামাজিক মাধ্যমে এক রহস্যময় পোস্টে তিনি বার্তা দেন— ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’
এ হামলার হুমকির মাঝে সম্প্রতি এক পোস্টে অমিতাভ বচ্চন লিখেছিলেন— ‘বেঁচে গেলাম।’ অনুমান, সেই পোস্টের পরিপ্রেক্ষিতেই পান্নুনের এহেন হুঁশিয়ারি।
১৯৮৪ সালের দাঙ্গার কথা মনে করিয়ে বচ্চনের বাসভবন ‘জলসা’র সামনে খলিস্তানি প্রতিবাদ কর্মসূচির জন্য মুম্বাইয়ের শিখ সম্প্রদায়কে জমায়েতের ডাক দিয়েছেন তিনি। যে আয়োজনের জন্য ১১ লাখ টাকা খরচ করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
এদিকে সোমসন্ধেয় আরেক খলিস্তানি নেতা গোল্ডি সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট করে বিগবিকে খুনের হুমকি দিয়েছিল। যেখানে উল্লেখ ছিল— ’বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের গ্রেফতারে আমাদের প্ল্যানে কোনো বদল ঘটেনি। মুম্বাইয়ে আমার টিমের প্রায় ২০০ সদস্য সক্রিয় রয়েছে। এ মুহূর্তে ওরা সবাই প্রস্তুত। তাই অমিতাভ-অভিষেক যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুক না কেন, ওদের গুলি করা হবেই।
বিশ্বের যেখানেই থাকুক না কেন, যারা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করবে, তাদের জবাবদিহি করতেই হবে। আর যারা শিখ দাঙ্গায় উসকানি দিয়েছিল, তাদের কোনো ক্ষমা নেই।’
আসলে দীর্ঘদিন ধরেই খালিস্তানপন্থি এসএফজে গোষ্ঠীর নিশানায় আছেন অমিতাভ বচ্চন। এ প্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ। যেই সময়ে দিল্লির মসনদে ছিল কংগ্রেস। আর রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়।
একসময়ে কংগ্রেসের টিকিটেই অমিতাভ লোকসভা ভোটে জিতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
যদিও বছর তিনেক বাদে রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভ বচ্চনের। তবে সেই সময়ে ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন খোদ বলি শাহেনশাহ। সেই অতীত প্রসঙ্গ টেনেই এ কিংবদন্তিকে সতর্ক করেছিল সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী।


