আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে অনুমতি দেওয়ার আবেদন করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলে। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিয়োজিত আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিব বরাবর এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনি লড়াইয়ের অনুমতি চেয়ে গত ১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বার কাউন্সিলে আবেদন করেন।
এতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা অনুযায়ী, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারেন। এ অনুমতি যুক্তিসঙ্গত কারণ ছাড়া আটকে রাখা যাবে না। ফলে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীর উপস্থিতির জন্য বার কাউন্সিলের অনুমতি নেওয়া আবশ্যক।
ফারজানা রুপা বর্তমানে আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় আটক রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে চলায় জরুরি ভিত্তিতে দুই বিদেশি আইনজীবীকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনের সাথে ফারজানা রুপার পক্ষে দেওয়া ওকালতনামা, দুই আইনজীবীর পাঠানো ই-মেইল, মূল আবেদনের অনুলিপি এবং তাদের জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই বিদেশি আইনজীবীকে অনুমতি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


