প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’ কর্মসূচি।
জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায় নজরুল স্মৃতি সংসদ (NSS)-এর বাস্তবায়নে যুব ও লোকমোর্চা সদস্যদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চরকাউয়া ইউনিয়নের হিরন নগর আশ্রয়ণ কেন্দ্রে স্থানীয় যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পরে আশ্রয়ণ কেন্দ্রের প্রায় ৬০ থেকে ৭০টি পরিবারের মধ্যে ন্যূনতম এক টুকরো প্লাস্টিকের বিনিময়ে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণকারী প্লাস্টিক সংগ্রহ করা হয়, অন্যদিকে স্থানীয় পরিবারগুলোকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোকমোর্চার সেক্রেটারি সোহেল হাওলাদার, যুব সদস্যবৃন্দ, স্থানীয় যুব ও নারী প্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এমন পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান। তারা নজরুল স্মৃতি সংসদ (NSS) ও ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
বিতরণ করা চারাগুলো নিজ নিজ বাড়ির আঙিনায় রোপণ, নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দেন অংশগ্রহণকারীরা। কর্মসূচির শেষে যুব, লোকমোর্চা সদস্য, স্থানীয় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে একটি চারা রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করা হয়।
আয়োজকরা বলেন, প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে—এমন প্রত্যাশা আয়োজকদের।


