সারোগেট মায়ের সহায়তায় প্রথম সন্তানের বাবা হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। আগামী ২০২৭ সালে সন্তানটির জন্ম হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সম্প্রতি এ আনন্দের খবর জানান ৩৯ বছর বয়সী এই নেতা। তার জীবনসঙ্গী আর্জেন্টিনার আন্তর্জাতিক হকি খেলোয়াড় নিকোলাস কিনান।
ইনস্টাগ্রাম পোস্টে জেটেন লেখেন, ‘খুব বিশেষ একজন আসছে। ২০২৭ সালে দেখা হবে, ছোট্ট সোনা।’ বার্তার সঙ্গে শিশুর মাথা ও দুধের বোতলের ইমোজিও যোগ করেন তিনি।
সন্তান লাভের এই যাত্রায় সহায়তা করায় ডিম্বাণু দাতা, সারোগেট মা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেটেন। তাদের সহযোগিতা ছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।
জেটেন ও কিনানের বাগদান সম্পন্ন হয়েছে। চলতি গ্রীষ্মে তাদের বিয়ের পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
এর আগে, জেটেনের দল ডি৬৬ অপ্রত্যাশিতভাবে নির্বাচনে জয় পাওয়ার পর তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারোগেট মা ও ডিম্বাণু দাতা দুজনই জেটেন ও কিনানের ডাচ বন্ধু। তাদের নিজেদেরও সন্তান রয়েছে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই তারা এই দম্পতিকে বাবা হওয়ার স্বপ্ন পূরণে সহযোগিতা করছেন।
নেদারল্যান্ডসে সারোগেসির ক্ষেত্রে অর্থ প্রদান নিষিদ্ধ। জেটেনের দল দাবি করেছে, সন্তান ধারণের জন্য অনুসরণ করা বিশেষায়িত এই চিকিৎসাপদ্ধতি দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাদের ভাষ্য অনুযায়ী, নেদারল্যান্ডসে আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকতে কয়েক দিনের ছুটি নেবেন জেটেন। তবে দীর্ঘ মেয়াদে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা তার নেই বলে জানিয়েছে দলটি।


