...|...|...

লাইফস্টাইল

প্রতিদিন ওটস খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:২৮
Shares
প্রতিদিন ওটস খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসে

ছবি: সংগৃহীত

সকালের নাশতায় ওটস রাখার অভ্যাস অনেকেরই রয়েছে। সহজে তৈরি করা যায়, পুষ্টিগুণও রয়েছে—এমন খাবার হিসেবে ওটস বেশ জনপ্রিয়। তবে নিয়মিত এই খাবার খেলে শুধু পেটই ভরে না, হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও হজমের উন্নতিতেও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ওটসে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) ও হার্ভার্ডে প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি জানিয়েছেন, প্রতিদিনের খাদ্যতালিকায় ওটস রাখলে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য, রক্তে শর্করার মাত্রা, হজমপ্রক্রিয়া এবং ক্ষুধা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তার মতে, ওটসের এসব উপকারিতার পেছনে প্রধান ভূমিকা রাখে এতে থাকা বিটা-গ্লুকানসহ বিভিন্ন ধরনের ফাইবার। নিয়মিত ওটস খাওয়ার ফলে শরীরে যে পাঁচ ধরনের উপকার হতে পারে, সেগুলো হলো—

১. খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে

ওটসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বিটা-গ্লুকান। এটি এক ধরনের দ্রবণীয় ফাইবার, যা রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। উচ্চমাত্রার এলডিএল কোলেস্টেরল হৃদ্‌রোগের ঝুঁকির সাথে সম্পর্কিত।

নিয়মিত খাদ্যতালিকায় ওটস রাখলে শরীরে দ্রবণীয় ফাইবারের পরিমাণ বাড়ে। ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এই খাবার। তবে এ উপকারিতা মূলত ওটসে থাকা ফাইবারের কারণে পাওয়া যায়।

২. রক্তে শর্করার আকস্মিক বৃদ্ধি কমায়

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে ওটস। ডা. সৌরভ শেঠির মতে, ওটসে থাকা ফাইবার গ্লুকোজ শোষণের প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে গ্লুকোজ ধীরে ধীরে রক্তপ্রবাহে প্রবেশ করে এবং খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমতে পারে।

যারা রক্তে শর্করার মাত্রা নিয়ে সচেতন, তাদের জন্য ফাইবারসমৃদ্ধ ওটস খাদ্যতালিকায় রাখার ভালো একটি উপায় হতে পারে।

৩. অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি জোগায়

মানুষের অন্ত্রে বিপুলসংখ্যক ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া হজমপ্রক্রিয়া ও অন্ত্রের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ওটসে থাকা প্রিবায়োটিক ফাইবার এসব উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। ডা. সৌরভ জানিয়েছেন, নিয়মিত ওটস খেলে এই ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোর পুষ্টি জোগায়। এতে অন্ত্রের পরিবেশ সুস্থ ও স্বাভাবিক রাখতে সহায়তা পাওয়া যায়।

৪. দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে

ওটস খাওয়ার আরেকটি উল্লেখযোগ্য উপকারিতা হলো দীর্ঘক্ষণ পেট ভরা রাখার ক্ষমতা। এ বিষয়ে ডা. সৌরভ বলেন, ওটস খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হয়। এতে দিনের বিভিন্ন সময়ে অপ্রয়োজনীয় স্ন্যাকস বা হালকা খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে।

খাবার খাওয়ার পর দীর্ঘসময় তৃপ্তি অনুভব করলে অল্প সময়ের মধ্যে আবার ক্ষুধা লাগার প্রবণতাও কমে। ওটসে থাকা ফাইবার পেট ভরা রাখার এই অনুভূতি বাড়াতে সহায়তা করে। ফলে ক্ষুধা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে খাবারটি।

৫. মলত্যাগ স্বাভাবিক রাখতে সহায়তা করে

হজমপ্রক্রিয়া ভালো রাখা এবং নিয়মিত মলত্যাগের ক্ষেত্রেও ওটস উপকারী হতে পারে। ডা. সৌরভের মতে, ওটস খেলে মলত্যাগের প্রক্রিয়া সহজ হয় এবং মলের স্বাভাবিক ও স্বাস্থ্যকর গঠন বজায় রাখতে সহায়তা করে।

অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে পর্যাপ্ত ফাইবার গ্রহণ জরুরি। নিয়মিত ওটস খেলে দৈনিক ফাইবারের চাহিদা পূরণে কিছুটা অবদান রাখা সম্ভব। পাশাপাশি খাদ্যতালিকায় অন্যান্য ফাইবারসমৃদ্ধ খাবার রাখলেও মলত্যাগ সহজ ও নিয়মিত হতে পারে।

সব মিলিয়ে, প্রতিদিনের খাদ্যতালিকায় ওটস রাখা হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি জোগানো, ক্ষুধা নিয়ন্ত্রণ এবং হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে। তবে সুস্থ থাকতে শুধু ওটসের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও জরুরি।