...|...|...

রাজধানী

পরিচালকের কক্ষে ঢুকে মারধর, অভিযোগ দুই চিকিৎসকের বিরুদ্ধে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৯
Shares
পরিচালকের কক্ষে ঢুকে মারধর, অভিযোগ দুই চিকিৎসকের বিরুদ্ধে

পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীকে তার কার্যালয়ে শারীরিকভাবে হেনস্তার সিসিটিভি ফুটেজ।ছবি: সংগৃহীত

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীকে তার কার্যালয়ে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত দুই চিকিৎসকের সাথে আরও ১০ থেকে ১৫ জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, ডা. জাহিদ হাসান ও ডা. বাসেদের নেতৃত্বে একদল ব্যক্তি ওই কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তারা পরিচালকের জামার কলার ধরে তাকে হেনস্তা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, ডা. জাহিদ হাসান যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ পাবলিক হেলথ প্রোটেকশন’ প্রকল্পে কর্মরত ছিলেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তার চাকরির মেয়াদও শেষ হয়ে যায়। এরপর প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য তিনি চাপ প্রয়োগ করছিলেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিরোধের জের ধরে ডা. বাসেদসহ অন্যদের নিয়ে তিনি পরিচালকের কক্ষে যান বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন।

বনানী থানা পুলিশের তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

মারধরের অভিযোগের বিষয়ে অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকী নিজেই গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি এখন ব্যাখ্যা করে বলার মতো অবস্থায় নেই। পরে আপনাদের বিস্তারিত জানাব।’

এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, নিজের কার্যালয়ের কক্ষে বসে আছেন পরিচালক কাজী আহমেদ জাকী। ওই সময় কক্ষে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে ৮ থেকে ১০ জনের একটি দল সেখানে প্রবেশ করে। তাদের একজন চেয়ারসহ পরিচালককে তার বসার জায়গা থেকে সরিয়ে নেন। এরপর কয়েকজন মিলে তাকে মারধর করেন বলে ফুটেজে দেখা যায়।