বান্দরবানের লামা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পের ব্লক বাঁধ নির্মাণের মাত্র তিন মাসের মাথায় ধসে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মাতামুহুরী নদীর তীরে নির্মিত বাঁধের কয়েকটি অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এ ঘটনায় প্রকল্পের কাজের মান, কার্যাদেশ লঙ্ঘন ও বরাদ্দের অর্থ অন্য খাতে ব্যয়ের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে মাঠে নেমেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি দল।
গত ১২ নভেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফছা বেগমের নেতৃত্বে তদন্ত দলটি মাতামুহুরী নদীর ব্রিজঘাট থেকে মারমা শ্মশানঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার বাঁধের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করে। এ সময় পাউবোর দক্ষিণ-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার তারেক এবং বান্দরবান পাউবোর নির্বাহী প্রকৌশলী অপু দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাউবো ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লামা বাজার রক্ষা প্রকল্পের আওতায় মাতামুহুরী নদীর বাজারঘাট অংশের বাঁ তীরে প্রায় এক কিলোমিটার ব্লক বাঁধ নির্মাণে ৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দুটি প্যাকেজে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান হাসিবুল এন্টারপ্রাইজ ও শহীদ ব্রাদার্স। ২০২৬ সালের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
তবে কাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মাথায় মারমা শ্মশান এলাকায় বাঁধের কয়েকটি অংশ ধসে পড়ে। বিশেষ করে হাসিবুল এন্টারপ্রাইজের নির্মাণকাজের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয়ভাবে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কার্যাদেশ অনুযায়ী বাঁধে চার ইঞ্চি পুরু ইটের খোয়া দিয়ে ফিল্টার করার কথা থাকলেও সেখানে মাত্র এক ইঞ্চি খোয়া দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তিন মিলিমিটার পুরু জিওটেক্সটাইল ব্যবহারের নির্দেশনা থাকলেও নদীর নিচের অংশে এর অস্তিত্ব পাওয়া যায়নি। নদীর ঢালের ওপর এক মিটার উঁচু গাইডওয়াল নির্মাণের কথা থাকলেও ধসে পড়া অংশে তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া সিসি ব্লক তৈরিতে মাতামুহুরী নদীর কাদামিশ্রিত বালু ও ময়লাযুক্ত স্থানীয় পাহাড়ি পাথর ব্যবহারের অভিযোগ করেছেন নদীতীরের বাসিন্দারা। তাদের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ব্লকগুলো দুর্বল হয়ে পড়েছে। ধসের পর ক্ষতিগ্রস্ত অংশে তড়িঘড়ি করে জোড়াতালি দেওয়ার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, প্রকল্পটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। লামা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহর মতে, বাজারটি মাতামুহুরী নদী থেকে প্রায় ২০০ গজ দূরে অবস্থিত। নদীতীরে উল্লেখযোগ্য দোকানপাটও নেই। গত ৬০-৭০ বছরে ওই এলাকায় নদীভাঙনের কোনো নজির না থাকলেও বাজার রক্ষার নামে বিপুল অর্থের প্রকল্প নেওয়া হয়েছে। তার মতে, প্রকল্পটির যৌক্তিকতা খতিয়ে দেখা প্রয়োজন।
প্রকল্পের ব্যয়ের অন্যান্য খাত নিয়েও অসংগতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নথিতে বাঁধের তীরে জৈব সুরক্ষার জন্য ৪ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৬০০টি গাছ রোপণের কথা উল্লেখ রয়েছে। প্রতিটি গাছের পেছনে ব্যয় ধরা হয়েছে ৮০০ টাকার বেশি। তবে স্থানীয়দের দাবি, প্রায় এক কিলোমিটার বাঁধের কোথাও রোপণ করা গাছের অস্তিত্ব দেখা যায়নি।
এ ছাড়া নদীতীর রক্ষা প্রকল্পের অর্থ থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে বান্দরবান জেলা শহরে পাউবো কর্মকর্তাদের অবস্থানের জন্য একটি বাংলো নির্মাণের বিষয়টিও সমালোচনার জন্ম দিয়েছে। প্রকল্প এলাকা থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে বাংলো নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয়ে বান্দরবান পাউবোর নির্বাহী প্রকৌশলী অপু দেব বলেন, বান্দরবানে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো পাউবোর নিজস্ব কোনো বাংলো নেই। কর্মকর্তাদের সরকারি সফরের সময় অবস্থানের সুবিধার্থে অনুমোদিত প্রকল্পের আওতায় বাংলোটি নির্মাণ করা হচ্ছে।
বাঁধ ধস, নির্মাণকাজের মান এবং প্রকল্পের অর্থ ব্যয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, তদন্ত দলের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এখন স্থানীয়দের প্রশ্ন, ৩৩ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পের কাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মাথায় বাঁধ ধসে পড়ার দায় কার? কার্যাদেশ অনুযায়ী কাজ হয়েছে কি না এবং প্রকল্পের বরাদ্দ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা তদন্তে উঠে আসবে কি না সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।


