...|...|...

আইন ও আদালত

নিউগিনি প্রপার্টিজে হামলা: প্রধান আসামি শাহরিয়ারের জামিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৯
Shares
নিউগিনি প্রপার্টিজে হামলা: প্রধান আসামি শাহরিয়ারের জামিন

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর প্রজেক্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন। অসুস্থতা ও বয়স্ক বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছিল। পরে ১ অক্টোবর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে রিমান্ড শেষে গত ৭ অক্টোবর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের জমিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রজেক্টে প্রবেশ করে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রজেক্টের অফিস রুম ভাঙচুর করে কম্পিউটার মনিটর, ডিভিআর বক্স, এলইডি টিভি, সাতটি ল্যাপটপ এবং বিভিন্ন আসবাবপত্র ধ্বংস করেন, যার আনুমানিক ক্ষতি ১২ লাখ টাকা।

এ ছাড়া মূল গেট ও থাই গ্লাস ভেঙে আরও ১৫ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। এ সময় লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।