মাদক সেবন ও পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তাওহীদ নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকায় একটি বালুর মাঠের পরিত্যক্ত ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তাওহীদ ওই এলাকার মামুন মিয়ার ছেলে।
নিহতের বাবা মামুন মিয়া জানান, তাওহীদ বেকার থাকায় এলাকার মাদকাসক্ত যুবকদের সঙ্গে মিশে মাদক সেবনে জড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মারামারি হতো।
তিনি আরও জানান, দুই দিন আগে স্থানীয় মুদি দোকানদার মোহাম্মদের সঙ্গে বকেয়া টাকা নিয়ে তাওহীদের ঝগড়া হয়। ঝগড়ার পর মোহাম্মদ তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন মামুন মিয়া। তার ধারণা, দোকানদার মোহাম্মদ ও তার ভাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

