যশোরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় তার নিজ বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের পাশে এ ঘটনা ঘটে।
আহত শম্ভু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শম্ভু চৌধুরীর বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সাথে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুই ব্যক্তি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়ি ফিরে যান।


