বায়ুদূষণ শুধু শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যার কারণ নয়, এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে হৃদ্যন্ত্র ও মস্তিষ্কেও। দীর্ঘদিন দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে হৃদ্রোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
দূষিত বাতাসে থাকা অতি সূক্ষ্ম কণার মধ্যে অন্যতম পিএম ২.৫। এসব কণার ব্যাস ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা তার কম। আকারে অত্যন্ত ছোট হওয়ায় শ্বাসের সাথে এগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। কিছু অতি সূক্ষ্ম কণা রক্তপ্রবাহেও পৌঁছাতে পারে। পাশাপাশি এসব দূষক শরীরে প্রদাহ সৃষ্টি করে বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের সরাসরি প্রভাব পড়ে শ্বাসতন্ত্রে। এতে কাশি, গলাব্যথা, বুকে চাপ অনুভব, শ্বাসকষ্ট এবং শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দ হতে পারে। যাদের আগে থেকেই হাঁপানি বা সিওপিডি রয়েছে, তাদের ক্ষেত্রে উপসর্গ আরও তীব্র হতে পারে।
অন্যদিকে দূষিত বাতাসের কারণে রক্তনালির কার্যক্রম ব্যাহত হওয়া, রক্তচাপের পরিবর্তন এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়তে পারে। ফলে হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পায়। একইভাবে মস্তিষ্কের রক্তনালির ওপর ক্ষতিকর প্রভাব পড়ায় স্ট্রোকের আশঙ্কাও বাড়তে পারে।
দীর্ঘদিন বায়ুদূষণের সংস্পর্শে থাকলে ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং আগে থেকে হৃদ্রোগ বা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।
তবে দূষিত বাতাসের সংস্পর্শে এলেই স্থায়ী ক্ষতি হবে, এমন নয়। অনেক ক্ষেত্রে সাময়িক অস্বস্তি দূষণের সংস্পর্শ কমলে সেরে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, দূষণ বেশি থাকলে অপ্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। প্রয়োজনে ভালোভাবে মুখে বসে এমন এন৯৫ মাস্ক ব্যবহার করুন। ঘরের বাতাস পরিষ্কার রাখুন এবং ধূমপান থেকে দূরে থাকুন।
তীব্র শ্বাসকষ্ট, বুকব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।


