...|...|...

বিনোদন

তিশার সাথে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন ফারুকী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৯
Shares
তিশার সাথে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে সম্প্রতি শোবিজ অঙ্গনে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন ফারুকী। এসব খবরকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, এ নিয়ে মন্তব্য করতে চান না তিনি বা তিশা।

ফারুকী বলেন, আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যে নিজের সাম্প্রতিক ও আগামী কাজের খবরও জানিয়েছেন এই নির্মাতা। তিনি জানান, গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন তিনি। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছিলেন। ১৭ অক্টোবর দেশে ফিরে আবারও নতুন বিজ্ঞাপনের কাজে যুক্ত হন।

ফারুকী জানান, ইতিমধ্যে একটি সিনেমার গল্প লেখা শেষ করেছেন। এখন আরেকটি নতুন সিনেমার গল্প নিয়ে কাজ করছেন তিনি।

বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই নির্মাতা। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতের এবং অন্য দুটি নির্মাণসামগ্রী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় এর দৃশ্যধারণ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির নামে খোলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।

স্ত্রী তিশার কাজের প্রসঙ্গেও কথা বলেছেন ফারুকী। তিনি জানান, একটি নতুন আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তিশার সাথে আলোচনা চলছে। তবে সিনেমাটির বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। পরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। পাঁচ বছর প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। ২০২২ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।