...|...|...

ক্যাম্পাস

ঢাবি শিক্ষক পুত্রের গাড়ি চাপায় ৬ শিক্ষার্থী আহত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩১
Shares
ঢাবি শিক্ষক পুত্রের গাড়ি চাপায় ৬ শিক্ষার্থী আহত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ির চাপায় মার্কেটিং বিভাগের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম সাদমান সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো গাড়ি চালানো শেখার জন্য বাবার গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঘুরছিলেন সাদমান সাকিব। একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এলে রাস্তায় চলাচলরত মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে গাড়িটির ধাক্কা লাগে। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল।

ঘটনার পর সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে, আহত শিক্ষার্থীদের সহপাঠীরা তার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা বিরাজ করছে।