...|...|...

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, গ্রেফতার ৬

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৭
Shares
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, গ্রেফতার ৬

ছবি: টাইমস টুডে

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে চারজনের বয়স ২০ বছর। তারা হলেন—চৌদ্দগ্রামের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের মো. বাবুলের ছেলে মো. হাসান (২০), শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজিব (২০) এবং ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. আল আমিন (২০)। এ ছাড়া এ ঘটনায় জড়িত আরও দুই কিশোরকে (১৫ ও ১৬ বছর) গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের বাড়ি চৌদ্দগ্রামের আশফালিয়া গ্রামে এবং অন্যজনের বাড়ি ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশায় করে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা টায়ারের ওপর দাহ্য পদার্থ (মবিল) ঢেলে আগুন ধরিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টির চেষ্টা করে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল (মোবাইল-৩) ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।